অস্ট্রেলিয়ার টেস্ট ঢাকা-চট্টগ্রামে
স্পোর্টস রিপোর্টার
দুটি সফরই আগে থেকে নির্ধারিত ছিল। এর মধ্যে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে জানানো হয়েছিল, নিজেদের দেশে মাঠের অভাবে টি-টোয়েন্টি সিরিজ তারা ইংল্যান্ডে আয়োজন করতে চায়। ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট হবে চট্টগ্রামে। আর এই সবকিছু নিশ্চিত করে গতকাল পাঠানো হলো সংবাদ বিজ্ঞপ্তি।
সে অনুযায়ী পুরো মে মাস জুড়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে থাকবে বাংলাদেশ। এই সফরে ১৪ মে থেকে ১৯ মে তিনটি ওয়ানডে খেলবে তারা বেলফাস্টে। এরপর ইংল্যান্ডের ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টনে অনুষ্ঠিত হবে চারটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিগুলো হবে ২২ থেকে ২৯ মের মধ্যে।
আয়ারল্যান্ডের মূল ভেন্যুগুলোর একটি ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বড় ধরনের সংস্কার কাজ চলছে বলেই মূলত বিপাকে পড়েছে আইরিশ বোর্ড। পাশাপাশি আইরিশদের রয়েছে ব্যস্ত ঘরোয়া সূচি। আইসিসি মানের মাত্র ১২টি পিচ আছে আয়ারল্যান্ডের, অন্য তিন ভেন্যু মালাহাইড, স্টরমন্ট ও ব্রেডিতে।
এই প্রথম নিরপেক্ষ কোনো ভেন্যুতে সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড। আর গত এক দশকে প্রথমবার ইংল্যান্ডের মাটিতে নিরপেক্ষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে পূর্ণ সদস্য দুই দল। সবশেষ ২০১০ সালে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে এবং দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান।
ব্রিস্টলে বাংলাদেশের রয়েছে দারুণ স্মৃতি। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। গত বিশ্বকাপে ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে খুব কাছে গিয়ে হেরেছিলেন সাকিব-মাশরাফিরা।
আইসিসির ভবিষ্যত্ সফরসূচিতে থাকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি আর্থিক সঙ্কটের কারণে আগেই বাতিল করেছে আয়ারল্যান্ড। টেস্ট ম্যাচের জায়গায় বাড়ানো হয় টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রূপ নিয়েছে চার ম্যাচের সিরিজে।
বাংলাদেশ দল আয়ারল্যান্ড থেকে সীমিত ওভারের ক্রিকেট খেলে ফেরার পর জুন মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। ১১ তারিখ থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। আর ১৯ তারিখ থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের আয়ারল্যান্ড
সফর
তারিখ
তারিখ
ভেন্যু
১৪ মে ১ম ওয়ানডে বেলফাস্ট
১৬ মে ২য় ওয়ানডে বেলফাস্ট
১৯ মে ৩য় ওয়ানডে বেলফাস্ট
২২ মে ১ম টি-টোয়েন্টি লন্ডন
২৪ মে ২য় টি-টোয়েন্টি চেমসফোর্ড
২৭ মে ৩য় টি-টোয়েন্টি ব্রিস্টল
২৯ মে ৪র্থ টি-টোয়েন্টি এজবাস্টন
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
তারিখ খেলা ভেন্যু
১১-১৫ জুন ১ম টেস্ট চট্টগ্রাম
১৯-২৩ জুন ২য় টেস্ট ঢাকা