সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে এক দুগ্ধ খামারিকে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ঐ খামারিকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় আহত দুগ্ধ খামারি কবির হোসেন বাদী হয়ে গতকাল বুধবার সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, সোনারগাঁও পৌর এলাকার ষোলপাড়া গ্রামের মৃত জাফর আলী মেম্বারের ছেলে কবির হোসেনের জমির ওপর দিয়ে হাবিবপুর গ্রামের কামাল হোসেনের ছেলে বিপুল ও মিন্টু জোরপূর্বক ড্রেজারের পাইপ নিয়ে বালুর ব্যবসা করে আসছে। বিষয়টি বিপুলকে একাধিকবার বলার পরও ড্রেজারের পাইপ অপসারণ করা হয়নি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিপুলের নেতৃত্বে চার-পাঁচ জনের একটি দল কবিরকে সোমবার দুপুরে তার বাড়ি থেকে অপহরণ করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। কবির চিত্কার শুরু করলে তাকে রেখে হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। পরে আহত অবস্থায় ঐ খামারিকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত বিপুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কবির আমার পাইপের খুঁটির রশি কেটে দেওয়ার কারণে আমার পাইপ ভেঙে পড়েছে। তাকে ডেকে এনে চড় থাপ্পড় দেওয়া হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুগ্ধ খামারিকে মারধরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, এক খামারিকে তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযোগটি থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।