বিশেষ প্রতিনিধি
সম্প্রতি দেশের সড়ক মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে উদ্বোগ প্রকাশ করেছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আর এ জন্য পরিত্রাণ পেতে নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা হ্রাসে এবং শৃঙ্খলা আনায়নে প্রস্তাবিত ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার তেজগাঁও ট্রাক টার্মিনালে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।
ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন এর সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, শুধু জরিমানার হার বৃদ্ধি করে এবং শ্রমিকদের সাজার ভয়ভীতি দেখিয়ে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব নয়। তার সঙ্গে সচেতনতা থাকা জরুরি।
সভায় বক্তরা বলেন, বিজ্ঞান সম্মতভাবে রাস্তা না থাকা, অনুমোদনহীন অবৈধ যান রাস্তায় চলাচল করা, দক্ষ শ্রমিকের অভাব, গাড়ি চালকদের অসম প্রতিযোগিতা, ট্রাফিক জ্ঞান সম্পর্কে অজ্ঞাত থাকা, সাধারণ জনগণের সচেতনতার অভাবসহ নানাবিধ সমস্যার কারণে সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে।
নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে এবং শৃঙ্খলা আনায়নে প্রধানমন্ত্রীর কাছে ১১১টি সুপারিশ হস্তান্তর করা হয়েছে। যা বাস্তবায়ন করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। সুপারিশ বাস্তবায়ন হলে বহুলাংশে সড়ক দুর্ঘটনা কমে যাবে। সভায় বক্তব্য রাখেন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার, সহ-সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন হেলাল, ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির, কার্যকরী সভাপতি হুমায়ুন কবির, সহসাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।