স্ত্রীর পরকীয়ায় স্বামী অপহরণ, প্রেমিক গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বনানী থেকে হুমায়ুন কবির নামের এক ব্যবসায়ী অপহরণের ঘটনা তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। পরকীয়া প্রেমের বাধা দূর করতে হত্যার উদ্দেশ্যে প্রেমিকার স্বামী হুমায়ূন কবিরকে অপহরণ করে প্রেমিক আমজাদ হোসাইন। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশের অভিযানে অস্ত্রসহ ধরা পড়েন আমজাদ হোসাইন। একই সঙ্গে অপহূত ব্যবসায়ী হুমায়ূন কবিরকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বনানী থানা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে শ্যামপুর থানার জুরাইন করিমুল্লাবাগে অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার ও অপহূতকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১ মার্চ বিকালে বনানী এলাকা থেকে অপহূত হন ব্যবসায়ী হুমায়ুন কবির। এ ঘটনার একদিন পর ভিকটিমের ছেলে বনানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের। তিনি জানান, ভিকটিম হুমায়ুন কবিরের স্ত্রী আমেনা বেগমের সঙ্গে গ্রেফতার হওয়া আমজাদ হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে পথের কাঁটা দূর করতে প্রেমিকার স্বামী হুমায়ূন কবিরকে হত্যার উদ্দেশ্যে গত ১ মার্চ বিকালে বনানী থেকে অপহরণ করে প্রেমিক আমজাদ ও তার সহযোগীরা। গ্রেফতার হওয়া আমজাদের কাছ থেকে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।