ভবন জরাজীর্ণ, ক্লাস চলে অস্থায়ী টিনশেড ঘরে

সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

খোরশেদ আলম, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র পাকা ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাস চলছে পাশের একটি অস্থায়ী টিনশেডের ঘরে। শ্রেণিকক্ষ সংকটে ভোগান্তি পোহাচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে জানা যায়, সেনবাগ উপজেলা পরিষদের মূল ভবনের পাশেই ১৯৮৪ সালে সেনবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের সময় স্কুলটি সরকারিকরণ করা হয়। বর্তমানে পাঁচ জন শিক্ষকের স্কুলটিতে ১২১ জন শিক্ষার্থী রয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক সুলতান আরা আহমেদ ইত্তেফাকের এ প্রতিনিধিকে জানান, সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র মূল পাকা ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকার পর ২০১১ সালে স্কুলটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের ক্লাস চলছে পাশের একটি অস্থায়ী টিনশেডের ঘরে। এর পাশেই ছোটো একটি কক্ষে বসছে স্কুলের কর্মরত শিক্ষকরা। এটিই বর্তমানে অফিস রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এর পাশেই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরো জানান, এ অবস্থায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া বর্ষা মওসুমে এসব কক্ষে পানি পড়ার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। তিনি স্কুলের এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। সেনবাগ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. আরিফ হোসেন ইত্তেফাককে জানান, স্কুলের ভবন সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। খুব কম সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।