পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে যুদ্ধের সময় অব্যবহূত পাকিস্তানী মর্টার শেল ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর থানা সংলগ্ন করতোয়া নদীতে বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের বোম ডিসপোজাল ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট সিগমা আক্তারের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল মর্টার শেলটি ধ্বংস করেন। পঞ্চগড় সদর থানার এসআই ভবেশ চন্দ্র পাল জানান, চলতি বছরের ৩১ জানুয়ারি সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের করতোয়া নদীতে বালু উত্তোলনের সময় স্থানীয়রা এই মর্টার শেলটি দেখতে পান। পরে বিষয়টি তারা পঞ্চগড় সদর থানা পুলিশকে অবহিত করলে আমরা মর্টার শেলটি উদ্ধার করে থানায় সংরক্ষণ করি। পরে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টার শেলটি ধ্বংসের জন্য আবেদন করা হলে আদালতের আদেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনী মর্টার শেলটি ধ্বংস করেন। বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের বোম ডিসপোজাল ইউনিটের লেফটেন্যান্ট সিগমা আক্তার জানান, মর্টার শেলটি পাকিস্তানের তৈরি। ৬৫ সালে এটি প্রস্তুতকৃত। মুক্তিযুদ্ধের সময় মর্টার শেলটি ব্যবহার করা হয়নি। যে কারণে এটি সচল ছিল। এর ওজন ছিল ১০ কেজি। আদালতের আদেশে এটি ধ্বংস করা হয়।