মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

ডেমোক্র্যাটের প্রার্থী বাইডেন!

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নে নিজের জয়যাত্রা অব্যাহত রেখেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবারের ছয়টি রাজ্যের নির্বাচনেও তিনি নিরঙ্কুশ জয় পাচ্ছেন। এর আগে সুপার টুয়েসডেতে ১৪টি রাজ্যের মধ্যে ১০টিতে জয় পান তিনি। বাইডেনের নতুন জয় ইঙ্গিত দিচ্ছে স্যান্ডার্সের মনোনয়ন দৌড়ের বাইরে চলে যাওয়ার। ফলে শেষ পর্যন্ত বাইডেনই ডেমোক্র্যাট দলের প্রার্থী হচ্ছেন! তিনি ডেমোক্র্যাটের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান   জানিয়েছেন। খবর রয়টার্স ও আল-জাজিরার

মঙ্গলবার মিশিগান, মিসৌরি, মিসিসিপি ও আইডাহোর নির্বাচনে পপুলার ভোটে বাইডেন জয় পেয়েছেন। ওয়াশিংটন স্টেট প্রাইমারি এবং নর্থ ডাকোটা ককাসেও বাইডেনের অবস্থান ভালো বলে জানা গেছে। বুথ ফেরত জরিপে দেখা গেছে, তরুণ এবং মুসলিম ভোটাররা স্যান্ডার্সের পক্ষে। আর বয়স্ক, নারী, আফ্রিকান-আমেরিকান এবং শহুরের বাসিন্দাদের বেশির ভাগ বাইডেনের পক্ষে ভোট দিয়েছেন। ভোটাররা বলছেন, তারা এমন কাউকে প্রার্থী হিসেবে চান যিনি আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন।

২০১৬ সালের নির্বাচনে মিশিগানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন স্যান্ডার্স। কিন্তু এবার বাইডেনের কাছে তাকে হারতে হচ্ছে। মিশিগানের ৯৯ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, বাইডেন ৫৩ শতাংশ এবং স্যান্ডার্স ৩৭ শতাংশ ভোট পেয়েছেন। মিসৌরি এবং মিসিসিপিতে বাইডেন যথাক্রমে ৬০ শতাংশ ও ৮১ শতাংশ ভোট পেয়েছেন। কেবল নর্থ ডাকোটায় স্যান্ডার্স এগিয়ে। ওয়াশিংটন স্টেটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

স্যান্ডার্স বাদ!

মঙ্গলবার অনুষ্ঠিত ছয়টি রাজ্যে ডেলিগে ৩৫২ জন। এর আগে প্রাইমারি ও ককাসে বাইডেন ৬২৮ ডেলিগেট পেয়ে এগিয়ে আছেন। স্যান্ডার্স পেয়েছেন ৫৪৫ ডেলিগেট। মনোনয়নের জন্য ১ হাজার ৯৯১ ডেলিগেট পেতে হবে। মঙ্গলবারের ফল খারাপ করলে স্যান্ডার্সকে মনোনয়ন দৌড় থেকে বিদায় নিতে হবে। তবে স্যান্ডার্স লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তবে স্যান্ডার্স যাই বলুন না কেন আগামী দিনের প্রাইমারি তার জন্য ভালো ফল বয়ে আনবে না। আগামী ১৭ মার্চ ফ্লোরিডা, ওহাইও, ইলিয়ন এবং অ্যারিজোনার প্রাইমারি হবে। ২৪ মার্চ অনুষ্ঠিত হবে জর্জিয়ার প্রাইমারি। বিভিন্ন জরিপে দেখা গেছে, এসব রাজ্যে বাইডেন এগিয়ে এবং স্যান্ডার্স পিছিয়ে আছেন। ফলে শেষ পর্যন্ত রিপাবলিকানের সম্ভাব্য প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে বাইডেনকেই দেখা যাবে।