নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে ফের তিন মামলায় পাঁচ দিন করে মোট ১৫ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস বিমানবন্দর থানার এক মামলায় ও হাকিম সারাফুজ্জামান আনাছারী শেরে বাংলা নগর থানার দুই মামলায় পাঁচ দিন করে ঐ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একই মামলায় ১৫ দিন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। তিন মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদনে ফের ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এদিকে পাপিয়া ও তার স্বামীর দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তাইবা নূরকেও জিজ্ঞাসাবাদের জন্য ঐ তিন মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড চাওয়া হয়।
প্রসিকিউশন সূত্র জানায়, কারাগার থেকে তাদের আদালতে হাজির না করায় রিমান্ড শুনানির জন্য আগামী ১৫ মার্চ রবিবার দিন ধার্য করা হয়েছে। বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন, শেরেবাংলা নগর থানার অস্ত্র মামলায় র্যাব-১ এর এসআই আরিফুজ্জামান ও একই থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় র্যাব-১ এর এসআই খোরশেদ আলম আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালতে শুনানিকালে পাপিয়া ও তার স্বামীর কোনো আইনজীবী ছিল না। এ সময় বিচারক তাদের কিছু বলার আছে কি না তা জানতে চান।
পাপিয়ার স্বামী সুমন চৌধুরী উত্তরে বলেন, তিন মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে আমাদের হাজির করা হয়েছে। আমাদের আইনজীবী ছিলেন। হয়তো তারা জানেন না আমাদের আবার রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে।