মুজিববর্ষ উপলক্ষ্যে ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা জাতীয় সংসদের দুই দিনব্যাপী বিশেষ অধিবেশন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশেষ অধিবেশন স্থগিত বা পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা ছিল। তবে গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যথাসময়ে অধিবেশন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়।

জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য, সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এছাড়া বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, জি এম কাদের ও নূর-ই-আলম চৌধুরী।

বৈঠকে জানানো হয়, বিশেষ অধিবেশন প্রথম দিন ২২ মার্চ বেলা ১১টায় শুরু হবে। প্রথম দিন অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। ২৩ মার্চ অধিবেশন বসবে সকাল ১০টায়। ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় সংসদ সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

বৈঠকে জানানো হয়, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রস্তাব (সাধারণ) বিধি-১৩৭-এর আওতায় একটি প্রস্তাব আনা হবে। সংসদ সদস্যরা প্রস্তাবটির ওপর আলোচনা করবেন, অধিবেশনের শেষ দিনে প্রস্তাবটি গৃহীত হবে।