রাজধানীর বনানীতে মো. সেহজাদ হাসান নামে (৪৫) এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সেহজাদ মঙ্গলবার রাত দুইটার দিকে হোটেল সুইট ড্রিম থেকে বের হন বলে জানিয়েছেন সেখানকার নিরাপত্তাকর্মী। রাত আড়াইটার দিকে সেহজাদকে অজ্ঞান অবস্থায় হোটেল সংলগ্ন বনানী কাঁচা বাজারের পূর্ব পাশ থেকে এক সিএনজি চালক উদ্ধার করে। পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিত্সকরা সেহজাদকে মৃত ঘোষণা করেন। বনানী থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। গতকাল বনানী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের স্বজনরা। সেহজাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগল গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ব্যবসায়ী সেহজাদের সঙ্গে অজ্ঞাত দুই যুবকের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তারা সবাই মদ পান করা অবস্থায় ছিল। ঐ যুবক অচেতন হয়ে পড়লে ঘটনার পরপরই অজ্ঞাত দুই যুবক পালিয়ে যায়।