বাংলাদেশে যে পদ্ধতিতে দারিদ্র্যের পরিমাপ করা হয় তা যথার্থ নয়। এখন সময় এসেছে পুরোনো পদ্ধতি পরিবর্তনের। তাছাড়া কর্মসংস্থানের যে তথ্য দেওয়া হচ্ছে তা গালগল্প ছাড়া কিছুই নয়। নিজের লেখা ‘দারিদ্র্যের অর্থনীতি : অতীত, বর্তমান ও ভবিষ্যত্’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান। গতকাল বুধবার বনানীতে পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) কার্যালয়ে এই আলোচনার আয়োজন করা হয়।
পিআরআইর চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আলোচনায় অংশ নেন পিআরআইর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বাংলাদশে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ইনক্লুসিভের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ টি এম নূরুল আমিন প্রমুখ।
ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, অর্থনীতিবিদরা সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র নেই, সুশাসন নেই ইত্যাদি। সমস্যা থাকলেও বাংলাদেশের মতো একটি দেশ ৬ শতাংশের বেশি ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করছে।