সাড়ে ৭০ লাখ টাকা আত্মসাত্

চিশতীসহ চার জনের বিরুদ্ধে মামলা

সাড়ে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দি ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-২-এ দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অন্য আসামিরা হলেন—ব্যাংকের অডিট কমিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোস্তাক আহমেদ, হেড অব ব্যাংকিং অপারেশন ডিভিশন প্রকাশ চন্দ্র মোদক ও মেসার্স রিমি এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে কোনোরকম প্রাক্কলন এবং প্রাক্কলিত মূল্য নিরূপণ না করে প্রচলিত বাজার দরের চেয়ে বেশিমূল্যে ব্যাংকের কচুয়া শাখা, বকশীগঞ্জ শাখা, শ্রীবরদী শাখা ও শেরপুর শাখা থেকে সাজানো দরপত্র প্রকাশ করে এবং কার্যাদেশ দেখিয়ে ৭০ লাখ ৬১ হাজার ৮২৩ টাকা আত্মসাত্ করেছেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) তার শ্যালক মো. মোস্তফা কামাল ও তার স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের অনুকূলে উচ্চমূল্যে ইনটেরিয়র ডেকোরেশন ও ফার্নিচার সাপ্লাইসহ বিভিন্ন কার্যাদেশ দিয়ে ব্যাংকের অর্থ আত্মসাত্ করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ।