দুর্নীতি ও অর্থায়নই ব্যবসায়ে বড়ো চ্যালেঞ্জ

দেশে এখনো ১৮ শতাংশ ব্যবসায়ী মনে করছেন দুর্নীতি ব্যবসায়ের অন্যতম বড়ো চ্যালেঞ্জ। অন্যদিকে ২৪ শতাংশ মনে করছেন, অর্থায়নই বড়ো চ্যালেঞ্জ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। দেশের বড়ো ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এ জরিপ চালানো হয়। বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি এ জরিপ কাজটি পরিচালনা করেছে। জরিপে উঠে এসেছে, রাজনৈতিক কারণকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে পুলিশপ্লাজা কনকর্ডে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) অফিসে আয়োজিত এক আলোচনা সভায় এটি প্রকাশ করা হয়। এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

এ সময় বক্তারা বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব তুলে ধরেন। তারা বিনিয়োগ না বাড়ার পেছনে আস্থার সংকটকেই অন্যতম বড়ো বাধা হিসেবে দেখছেন। আস্থার সংকট কাটানোর মাধ্যমে বিনিয়োগ আকর্ষণে বড়ো ধরনের পুনর্গঠনের তাগিদ দেন তারা।

পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, উচ্চ-মধ্যম আয়ের দেশ হতে হলে ১০ শতাংশ প্রবৃদ্ধি দরকার। বড়ো ধরনের পুনর্গঠন ছাড়া কীভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশে যাব।

আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, এমসিসিআইর সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ।