বিশ্বে আইনের শাসন সূচকে চলতি বছর পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১২৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫তম। আর দক্ষিণ এশিয়ায় ছয়টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ। গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক প্রতিবেদন-২০২০’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতি বছরই বিভিন্ন দেশে আইনের শাসন পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে ডব্লিউজেপি। গত বছর ১২৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১২। যদিও সংস্থাটির ২০১৮ সালের সূচকে বাংলাদেশ ১০২তম অবস্থানে ছিল।
আইনের শাসনের শাসন সূচকে আটটি বিষয় বিবেচনায় আনা হয়েছে। এগুলো হলো সরকারের ক্ষমতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, ক্ষমতার সীমাবদ্ধতা, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচার।
প্রতিবেদনে দেখা গেছে, ১২৮ দেশের মধ্যে ক্ষমতার সীমাবদ্ধতা সূচকে বাংলাদেশের অবস্থান ১০৭, দুর্নীতির অনুপস্থিতি সূচকে ১০২, উন্মুক্ত সরকারে ৯৩, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ ১১১, ফৌজদারি বিচারে ১০৪, দেওয়ানি বিচারে ১১৯, শৃঙ্খলা ও নিরাপত্তায় ১০৩ নম্বর অবস্থানে রয়েছে। বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে আছে মৌলিক অধিকার সূচকে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১২২।
প্রতিবেদনে সবচেয়ে ভালো অবস্থানে থাকা তিন দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড। আর একেবারে নিচের দিকে রয়েছে কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা। ১২৮ দেশের ১ লাখ ৩০ হাজার খানায় জরিপ ও ৪ হাজার আইনজীবীর মতামত নিয়ে ডব্লিউজেপি এ প্রতিবেদন তৈরি করেছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ১ হাজার ব্যক্তির ওপরে জরিপ চালানো হয়।