এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই ঢাকার দুই সিটি করপোরেশনকে সতর্ক থাকতে বলেছে হাইকোর্ট। আদালত বলেছে, এরই মধ্যে বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত। ঢাকা ঘনবসতিপূর্ণ শহর। যদি কোনোভাবে করোনা ভাইরাসের সঙ্গে ডেঙ্গুর প্রার্দুভাব দেখা দেয় তখন নগরবাসীর কোথাও যাওয়ার শেষ জায়গাটিও থাকবে না। তাই সিটি করপোরেশনের কর্তাব্যক্তিদের এখন থেকেই সতর্ক হতে হবে। মনোযোগ দিতে হবে মশা নিধনে। ডেঙ্গু প্রতিরোধে যা যা দরকার তাই করতে হবে। ঢাকার বায়ুদূষণ সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ মন্তব্য করেন। এর আগে আদালতে বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশনের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন করপোরেশনের আইনজীবীরা। এ সময় রিটকারী পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার শুনানি করেন।
এদিকে খাবারে ভেজাল রোধে বন্দরসমূহে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপনের কাজের অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছে হাইকোর্টের একই বেঞ্চ। জাতীয় রাজস্ব বোর্ডের আইন কর্মকর্তা মো. লিয়াকত আলীর উপস্থিতিতে আদালত বলে, ভেজাল ফলমূল আর খাবার খেয়ে মানুষের কিডনি শেষ হয়ে যাচ্ছে। আইন কর্মকর্তা তখন আদালতকে জানান, দেশের ১৩টি বন্দরের মধ্যে চারটিতে কেমিক্যাল টেস্টিং ইউনিট রয়েছে। অন্য বন্দরগুলোতে স্থাপন করতে একটু সময় লাগবে। আদালত বলে, আর কত সময় নিবেন? জনগণের স্বাস্থ্যগত দিকটিতে নজর দিতে হবে। তাই অতিদ্রুত বন্দরে টেস্টিং ইউনিট স্থাপন করুন।