নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লংঘনের অভিযোগ স্বীকার করেছেন। একই সঙ্গে শ্রম আদালতে জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন তিনি। গত ২০ ফেব্রুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতে হাজিরা দেন ড. ইউনূস। এদিন তিনিসহ চার জন শ্রম আইন লংঘনের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম শুনানি শেষে দোষ স্বীকারের আবেদন মঞ্জুর করেন এবং প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে জরিমানা করেন। এরপর ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামি সাড়ে ৭ হাজার টাকা করে আদালতে জমা দিয়ে মামলা থেকে মুক্তি পান। আদালত সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
গত ৫ জানুয়ারি প্রতিষ্ঠানটির শ্রম পরিদর্শক (শ্রম) তরিকুল ইসলাম ঐ আদালতে এ মামলা দায়ের করেন। এরপর গত ১৩ জানুয়ারি একই আদালত ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নেন। মামলার অপর তিন আসামি হলেন—প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও পরিচালক আবদুল হাই খান ও উপ-মহাব্যবস্থাপক গৌরি শংকর।