রূপনগরের বস্তির অগ্নিকাণ্ডে প্রভাবশালী মহল জড়িত :ফখরুল

মিরপুরে রূপনগরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ করে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ দাবি জানান। ঝিলপাড় বস্তিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

অগ্নিকাণ্ডের পর দেড়টার দিকে বিএনপি মহাসচিব ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়ে বলেন, বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময়ে গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, গাজী রিয়াজ উদ্দিন, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, মাহফুজ খান সুমন প্রমুখ মহাসচিবের সঙ্গে ছিলেন। ফখরুল বলেন, আমরা এই রূপনগরে বারবার দেখছি অগ্নিকাণ্ড হচ্ছে। কিছুদিন আগে সিটি করপোরেশন নির্বাচনের পূর্বেও আমরা এখানে এসেছিলাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটা প্রভাবশালী মহল তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং বা প্লট নির্মাণ করতে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।