করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। মুজিববর্ষে নিজেদের সব আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামে গতকাল মুজিববর্ষের কনসার্ট ও মুজিব ১০০ টি-২০ কাপের দুটি ম্যাচ স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী ১৮ মার্চ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্ট। যেখানে সংগীত পরিবেশন করার জন্য চুক্তিবদ্ধ ছিলেন ভারতীয় কিংবদন্তি কণ্ঠশিল্পী এ আর রহমান। ২১, ২২ মার্চ এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ দুটি মাঠে গড়ানোর কথা ছিল মিরপুরে। এশিয়া একাদশের দল অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিশ্ব একাদশে আরো ২-৩ জন ক্রিকেটারের অন্তর্ভুক্তির অপেক্ষায় ছিল বিসিবি। কিন্তু করোনা ভাইরাসের কারণে শেষ মুহূর্তে সব আয়োজন স্থগিত করতে হলো বিসিবিকে।
গতকাল বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের হাতে দুটো বিকল্প ছিল। ১৮ তারিখে এ আর রহমানের যে কনসার্ট হওয়ার কথা ছিল সেটা ছোটোভাবে করতে পারতাম। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি পরে এটা বড়োভাবেই করতে চাই। সে জন্য আমরা এটাকে স্থগিত করে দিয়েছি।
এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি ম্যাচ সম্পর্কে নাজমুল হাসান পাপন বলেন, ‘২১ এবং ২২ মার্চ যে দুটো খেলা ছিল সেটা নিয়েও সমস্যা হচ্ছে। খেলোয়াড়দের সবাই যে এখানে এসে খেলতে পারবে তা নয়, আসলে আবার যেতে পারবে সে নিশ্চয়তাও নেই। চিন্তাভাবনা করে দেখলাম এই ম্যাচ দুটোও আমরা পিছিয়ে দেওয়ার। দুটি অনুষ্ঠানই পিছিয়ে দেওয়া হচ্ছে।
করোনা ভাইরাসের কারণে টাইগারদের করাচি সফরও অনিশ্চিত হয়ে যেতে পারে।