আক্কেলপুরে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হাস্তাবসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের পাশে রেলগেইট এলাকায় জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়েছিলো। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই ক্যাম্পের ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ক্যাম্পের ভেতরে রাখা একটি টেবিলের কাপড়ের কিছু অংশ ও মেঝেতে বিছিয়ে রাখা কিছু খড় পুড়ে যায়।

আরো পড়ুন: আওয়ামী লীগ বরাবরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অভিযোগ করে বলেন, সোমবার গভীর রাতে পৌরসভার হাস্তাবসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে সব পোস্টার বিএনপির নেতাকর্মীরা ছিঁড়ে ফেলে। ওই ঘটনার পরেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে আমরা কোনো প্রতিবাদ করিনি। ওই ক্যাম্পে আবার মঙ্গলবার গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, আগুন দেওয়ার পর ক্যাম্পটি রাতেই পরিদর্শন করেছি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/বিএএফ