নেত্রকোনার মদনে মোজাম্মেল (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দেওসহিলা গ্রামের সামনে ঝুপড়ি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার কুরশিপাড়ার জাফর আলীর ছেলে মোজাম্মেল দীর্ঘ ৮/৯ বছর যাবৎ মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের মন্টু মিয়ার হাঁসের খামারে কাজ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তলার হাওরে হাঁসের খামারের পাশে ঝুপড়ি ঘরে ঘুমাতে যায় সে। ভোরে আশেপাশের জমিতে কাজ করতে আসা শ্রমিকরা মোজাম্মেলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে খামারের মালিক মন্টু মিয়াকে খবর দেয়।
আরো পড়ুন: নান্দাইলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
খামারের মালিক মন্টু মিয়া জানান, বুধবার সকালে মোজাম্মেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা আমাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। আমার জানামতে তার কোনো শত্রু নেই।
এ বিষয়ে মদন থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, মোজাম্মেল নামের এক হাঁস পালকের রক্তাক্ত মৃতদেহ ঝুপড়ি ঘর থেকে উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে বুধবার সকালে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মাথা আঘাতে থেতলে গেছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ