গাইবান্ধায় ৪ চীনা নাগরিককে হোম কোয়ারেন্টাইন

চীন থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসা চারজনকে চীনা নাগরিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানিয়েছেন, এর আগেও চীন থেকে চারজন এ জেলায় ফিরেছেন। তাদের নিজ নিজ কর্মস্থলে আলাদাভাবে কোয়ারেন্টাইন করা হয়েছিল। তারা আক্রান্ত নন, পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, গত ৭ মার্চ থেকে আরও নতুন চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত তাদের শরীরেও কোনো লক্ষণ পাওয়া যায়নি। স্বাস্থ্যকর্মীরা এসব ব্যক্তির নিয়মিত দেখাশোনা করছেন। 

তিনি আরও জানান, রংপুর-ঢাকা মহাসড়ক সম্প্রসারণের কাজ করছে চায়না কন্সট্রাকসন সেভেন ইঞ্জিনিয়ারিং ডিভিশন। এই প্রতিষ্ঠানে ৩১ জন চীনা নাগরিক কাজ করছেন। তাদের মধ্যে এই চারজন সম্প্রতি ছুটি শেষে চীন থেকে গাইবান্ধায় ফিরেছেন। তারা সুস্থ। ওই দেশের স্বাস্থ্য বিভাগ ও বিমান বন্দর কর্তৃপক্ষ বিষয়টি স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রত্যায়ন দিয়েছেন। তারপরও অধিক সতর্কতার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং  স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রাখা হয়েছে। 

আরও পড়ুন: ভিসা স্থগিত, এক মাস ভারত যাওয়া বন্ধ

গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গাইবান্ধায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে জেলা ও সাত উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠিত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যাপিড রেসপন্স টিমও গঠিত হয়েছে।

ইত্তেফাক/এসি