রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ক্যাবল টিভি নেটওয়ার্কের অপহূত কর্মচারী আরিফ হোসেনকে গতকাল ভোরে উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ তারাবো পৌরসভার রূপসী এলাকা থেকে তাকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ছয় জনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। এরা হলো রূপসী গ্রামের মকবুল হোসেন, ইলিয়াছ, জামান মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মাছিমপুর গ্রামের নবীর হোসেন ও নরসিংদীর মরজা এলাকার সুমন মিয়া। অপর আসামি রূপগঞ্জের বেলদী এলাকার মহসীন পালিয়েছে।
পুলিশ জানায়, গত ১১ মার্চ রাতে আরিফ হোসেন তার ভাতিজা শামীমকে নিয়ে গ্রামের বাড়ি খাস-কামালকাঠি যাওয়ার পথে বেলদী এলাকায় সে অপহূত হয়। চার-পাঁচ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে তাকে অপহরণ করে। আরিফকে অপহরণকারীরা একটি ঘরে আটকে হাতুড়িপেটা করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুমূর্ষু অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন মোল্লা জানান, এ ঘটনায় পূর্বাচল ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক মো. হুমায়ুন কবির মিয়া বাদী হয়ে সাত জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ছয় জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে আরিফ হোসেনকে গত ৪ মার্চ আসামি মকবুল হোসেন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে তখন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়রি করা হয়েছিল।