করোনায় ১৪ দলের মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস

দুর্যোগ মোকাবিলায় বাঙালি অতীতে সফল, এবারও হবে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে বাঙালিরা অতীতে সফল হয়েছে, এবারও হবে। করোনা মোকাবিলা করতে স্বাস্থ্যবিধি মেনে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। গতকাল বৃহস্পতিবার নাসিমের ধানমন্ডির বাসভবনে তার সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

নাসিম বলেন, করোনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করেছেন। এজন্য ১৪ দল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। তিনি বলেন, করোনার কারণে ১৪ দলও মুজিববর্ষ উপলক্ষ্যে জোটের পূর্বঘোষিত কর্মসূচি পুনর্বিন্যাস করেছে। জনসমাগম হয় এমন কর্মসূচি পরিহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ দলের নতুন কর্মসূচি হলো—বঙ্গবন্ধুর জন্মগ্রহণের সময় ১৭ মার্চ রাত ৮টায় কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং জনসমাগম এড়িয়ে স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে। মানিক মিয়া এভিনিউয়ে বিশাল আয়োজনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে ১৭ মার্চ বেলা ২টায় তরিকত ফেডারেশনের উদ্যোগে সংগঠনের ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এছাড়া ২০ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ।

বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, জাসদের নাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।