নীলফামারীতে আল্লাহর দলের দুই সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের তত্ত্বাবধায়কসহ দুই জনকে গ্রেফতার করেছে নীলফামারী ডিবি পুলিশ। বুধবার মধ্যরাতে জলঢাকা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোখলেছুর রহমান। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আফজালুল ইসলাম জানান, গ্রেফতার দুই জন হলেন—গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া রোজার ভিটা এলাকার মৃত আনছার আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের শিংদই ছড়ারপাড় এলাকার ইমান আলীর ছেলে জিকরুল আহমেদ (৩২)।

এদিকে সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় আনসার উল্লাহ্ বাংলা টিমের সদস্য নাজমুল হোসেনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল সাতক্ষীরা সদরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজমুল হোসেন (৩৬) সদর উপজেলার মাগুরা গ্রামের নাসিরুল করিমের ছেলে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নাজমুল হোসেন গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করতেন। সেখান থেকে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ্ বাংলা টিমের সদস্য হন।