গেদে চেকপোস্টে নির্ধারিত সময়ের আগে যাত্রী ফেরতে অভিযোগ

করোনা ভাইরাস আতঙ্কে নির্ধারিত সময়ের আগে ভারতের গেদে চেকপোস্টে ও ইমিগ্রেশন থেকে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ফেরত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার মো. জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন শেষে ছেড়ে দেওয়া হলেও আমাদের দেশের যাত্রীদের ইমিগ্রেশন না করে ফেরত দেওয়া হয়েছে। 

দর্শনা বিজিবির চেকপোস্ট কমান্ডার হাবিলদার রোকনউজ্জামান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকাল থেকেই এমন করেছেন গেদে চেকপোস্ট কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, গেদে চেকপোস্টে মেডিকেল টিমের তেমন তৎপরতাও দেখা যায়নি। 

এ দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, উপজেলার জুড়ানপুর গ্রামের এক বৃদ্ধা সম্প্রতি ওমরা পালন শেষে জ্বরে অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ভিসা স্থগিত, এক মাস ভারত যাওয়া বন্ধ

এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত এ সংক্রান্ত  কোনো নির্দেশ পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার নতুন সকল ভিসা স্থগিত করেছে ভারত। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সূত্র জানায়, ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতীয় সকল ভিসা স্থগিত করা হয়। এবং ১৩ মার্চ থেকে নতুন কোনো ভিসা দেওয়া হবেনা। অবশ্য দুই দেশের যাত্রীরা বাংলাদেশ এবং ভারত থেকে নিজ দেশে ফিরতে পারবেন।

ইত্তেফাক/এসি