বাজিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

বাজিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

বাজিতপুর (কিশোরগঞ্জ) : বাজিতপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার জামতলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নূরে আলম (১৭), মো. রাকিব (২০) এবং নয়ন মিয়া (২২)। তিন জনই বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে রাকিব সদ্য এসএসসি সমাপ্ত করেন, নূরে আলম নবম শ্রেণির ছাত্র এবং নয়ন মিয়া একটি ওয়ার্কশপে কর্মরত। ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে।

ভূঞাপুর (টাঙ্গাইল) : বঙ্গবন্ধু সেতুর ওপর গতকাল পৃথক দুর্ঘটনায় ভ্যানের হেলপার গাইবান্ধা জেলার নাজমুল আলমসহ (২৫) দুই জন নিহত হয়েছেন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে সকাল সাড়ে ৮টা পর্যন্ত টোল আদায় বন্ধ ছিল।

নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুর-মির্জাপুর সড়কের দক্ষিণঘাগড়া এলাকায় গতকাল নসিমনের চাপায় পথচারি দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়ার উজালা বেগম (৫০) ও সাটুরিয়া উপজেলার বেতুলিয়ার শেফালী বেগম (৪০)।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের খামার এলাকায় বুধবার ইট বোঝাই ট্রলি ও গাছের মাঝখানে চাপা পড়ে হেলপার জয়নাল আবেদিন (৩৫) নিহত হয়েছেন। জয়নাল কচাকাটা ইউনিয়নের বাসিন্দা।

মুকসুদপুর (গোপালগঞ্জ) : মুকসুদপুরে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে বুধবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সুমন দে (২০) নিহত হয়েছেন। সুমন দে পার্শ্ববর্তী সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুধির দের ছেলে।

শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগআলী মাজার সংলগ্ন স্থানে গতকাল জসিম উদ্দিন (৬৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জসিম তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা।

ত্রিশাল (ময়মনসিংহ) : অজ্ঞাত গাড়ি চাপায় ত্রিশাল পৌরসভার পরিছন্নতা কর্মী মানিক (২৭) নিহত হয়েছেন। গতকাল ত্রিশাল লেকেরপাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবায় বুধবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নাজমুল ইসলাম তনয় নামে এক প্রবাসীর (২০) মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল উপজেলার মনকাশাইর গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে।