বন্ধ হয়ে গেল ময়মনসিংহ-ভৈরব-ঢাকা রুটের ঈশা খাঁ এক্সপ্রেস

বাংলাদেশে রেলওয়ে পরিচালিত ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব-নরসিংদী হয়ে ঢাকাগামী যাত্রীবাহী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটির চলাচল গতকাল বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেছে। ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচল করত। যাত্রাপথে ট্রেনটি নরসিংদী ও গাজীপুর জেলাকে সংযুক্ত করেছিল।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্টডেন্ট জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি কারণে ট্রেনটি বন্ধ করা হয়েছে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি একটি মেইল ট্রেন। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ১১টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে নরসিংদী-গৌরীপুর-ভৈরব হয়ে রাত ৯টা ৪৫ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছাত। আবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে দুপুর ২টায় যাত্রা শুরু করে রাত ১১টায় ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাত।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, গত বুধবার শেষ যাত্রায় ঈশা খাঁন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসে। এরপর ঈশা খাঁ এক্সপ্রেসের রেক পৃথক একটি ট্রেনের সঙ্গে সংযুক্ত করে ঢাকায় পাঠানো হয়।