বাল্যবিবাহের দায়ে বর ও কাজিসহ আট জনের দণ্ড

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহের অপরাধে বর ও কাজিসহ আট জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন। এদের মধ্যে কাজিকে এক বছর, বর, বরের বাবা ও চাচাকে ছয় মাস ক?রে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই ঘটনায় কনের মা, দাদা, বড়ো ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার বোয়ালী গ্রামের সিরাজুল ইসলামের প্রবাসী ছেলে রফিকুল ইসলামের সঙ্গে স্থানীয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর রেজিস্ট্রি বিয়ে হয়। এ বিষয়ে ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, সখীপুরে আশঙ্কাজনকহারে বাড়ছে বাল্যবিবাহের প্রবণতা। আজকের এ সাজা সকলের জন্যই সতর্কবাণী হবে বলে আশা করছি।

সখীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, আদালতের আদেশ পেয়ে দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।