করোনা ভাইরাস আতঙ্কে এ বছরের টোকিও অলিম্পিক নিয়ে ইতিমধ্যেই সংশয় দেখা দিয়েছে। তারপরও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার গ্রিসের প্রাচীন নগরী অলিম্পিয়ায় জ্বলল ২০২০ টোকিও অলিম্পিকের মশাল। গ্রিসেও করোনা ভাইরাসের কারণে একজনের মৃত্যু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সেখানেও ব্যাপক সতর্কতার মধ্যেই দর্শকবিহীন পরিস্থিতিতে একজন অভিনেত্রী প্রাচীন গ্রিসের যাজিকার পোশাকে সূর্য রশ্মি থেকে মশালটি জ্বালান। ১৯ মার্চ টোকিও অলিম্পিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে সপ্তাহব্যাপী মশালটির গ্রিস পরিভ্রমণের কথা। যদিও ক্রীড়া বিশ্বে করোনা ভাইরাস সুনামির মতো আঘাত হেনেছে এবং ক্রমশই অলিম্পিক আসরটি মাঠে গড়াবে কিনা এ নিয়ে সংশয় বিদ্যমান। সবকিছু ঠিক থাকলে ২৪ জুলাই এটি শুরু হওয়ার কথা।