বৃষ্টিতে ভেসে গেল ভারতের ম্যাচ

ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের পরের ম্যাচগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার শেষ সুযোগ ছিল কেবল এই প্রথম ম্যাচে। বৃষ্টি উপেক্ষা করে এসেছিলেনও কিছু দর্শক। তবে তাদের ফিরতে হলো হতাশা নিয়ে। ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল গতকাল স্থানীয় সময় দুপুর দেড়টায়। ধর্মশালায় গত দুই দিনের মতো বৃষ্টি হয়েছে এ দিনও। কাভার সরানোই সম্ভব হয়নি। হয়নি টসও। বিকাল পাঁচটার একটু পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় এ দিনই ভারতের আসন্ন সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। লক্ষেৗতে আগামী রবিবার হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ভারতের আসন্ন সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ভারতে এখনো পর্যন্ত ৬৮ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কেউ মারা যায়নি। এশিয়ার অন্যান্য দেশ, ইউরোপ, উত্তর আমেরিকার তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা অনেকটা কম। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে যে ধরনের নিবিড় পরিচর্যা কেন্দ্র দরকার, ভারতের চিকিত্সা ব্যবস্থা সেটি সামাল দিতে সক্ষম নয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইতিমধ্যেই কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা স্থগিত করেছে ভারত। দেশটির ক্রীড়া সচিব আরএস ঝুলানিয়া বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, তারা চাইছেন জাতীয় ক্রিকেট দলের আসন্ন সব ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হোক।