করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস। একইসঙ্গে ভাইরাসটি সংক্রমিত হয়েছে তার স্ত্রী রিটা উইলসনের শরীরেও। তারা দু’জনই স্বাস্থ্য পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে তারা অস্ট্রেলিয়াতেই আইসোলেশনে (বিচ্ছিন্নভাবে বসবাস) আছেন। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক পশ্চিমা গণমাধ্যম।
৬৩ বছর বয়সী টম ও হ্যাঙ্কস কুইন্সল্যান্ডে অবস্থানকালে সর্দি-কাশির লক্ষণ দেখে চিকিত্সকের পরামর্শ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন টম। তিনি লিখেছেন, ‘আমরা কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম। এছাড়া জ্বর ও সর্দির পাশাপাশি শরীরে কিছুটা ব্যথাও ছিল। এসব লক্ষণ দেখে আমরা সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস পরীক্ষা করি এবং এটি ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে।’
সম্প্রতি মার্কিন এই দম্পতি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে গিয়েছিলেন। সেখানে হ্যাঙ্কস আমেরিকান সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন নিয়ে একটি সিনেমার কাজ করছিলেন। সিনেমাটি নির্মাণ করছে ওয়ার্নার ব্রাদার্স। এছাড়া জানা গেছে, চলচ্চিত্রটির কাজ সাময়িকভাবে
স্থগিত করা হয়েছে।