অভিনেতা সন্তু মুখোপাধ্যায় আর নেই

 

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায় আর নেই। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। কিন্তু তার শারীরিক অসুস্থতা কাজের পথে কখনো অন্তরায় হয়নি। শরীরে একাধিক সমস্যা হলেও কাজ থামিয়ে রাখেননি এ অভিনেতা। একের পর এক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে গেছেন।

অভিনেতার প্রয়াণের খবরে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘অভিনেতা হিসেবে তো বটেই, অনেকেই হয়তো জানেন না সন্তু মুখোপাধ্যায়ের গানের গলা ছিল দুর্দান্ত।’

প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, ‘ভীষণই দুঃখজনক। দীর্ঘদিনের পরিচিত ও। অনেকদিন থেকেই অসুস্থ ছিল। কিন্তু হঠাত্ করে এভাবে চলে যাবে ভাবতে পারিনি।’

পরিচালক অরিন্দম শীল বলেন, ‘সন্তু দাও আমাদের ছেড়ে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করি। চোখের সামনে সব স্মৃতিগুলো ভেসে উঠছে একের পর এক। ভালো থেকো।’

১৯৭৫ সাল থেকে সংসার সীমান্তে, রাজা, হারমোনিয়াম, প্রতিমা, দেবদাস, শেষ বিচার, স্বামী স্ত্রী, ন্যায় অন্যায়, মালঞ্চ, হেমন্তের পাখি, অগ্নিপথ, সপ্তসুরসহ অনেক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতে তিনি খুবই পরিচিত মুখ।