বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলাটির বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এখন এ বিষয়ে গেজেট জারির পর মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।
আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে কোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ঐ সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরো ৪৫ দিন সময় নিতে পারে আদালত। এর আগে আবরারের পরিবারের সদস্যরা আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির অনুরোধ জানিয়েছিলেন। গত ধার্য তারিখে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আবেদন করেন আবরারের বাবা বরকতউল্লাহ। এরপরই এ সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে আসে। গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নির্মম পিটুনিতে নিহত হন আবরার।