বিদেশিদের ভিসা স্থগিতের প্রয়োজন নেই :পররাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন দেশে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারি ঘোষণা করলেও বিদেশিদের দেওয়া ভিসা স্থগিত করবে না বাংলাদেশ। এর কোনো প্রয়োজন বাংলাদেশ দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

প্রতিবেশী বিভিন্ন দেশ ভিসা প্রদান স্থগিত করলেও বাংলাদেশ কেন করছে না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রয়োজন নেই। আমার মনে হয়, সংবাদমাধ্যমের কারণে ভীতি বেশি ছড়াচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা সুপারিশ করলে, তখন আমরা বিবেচনা করব।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা হলে সেখানে যাওয়া বাংলাদেশিরা কীভাবে আসবেন জানতে চাইলে তিনি বলেন, ভারতে থাকলে অসুবিধা কি? বেড়াতে গেছে, থাকুক কিছুদিন। আসতে চাইলে সীমান্ত বন্ধ হওয়ার আগে চলে আসতে হবে। কোনো ধরনের সমস্যা হলে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সব ফ্লাইট আপাতত বন্ধ, তবে বিশেষ প্রয়োজন হলে, বাংলাদেশিরা আটকা পড়লে পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইট পাঠাবে। সেক্ষেত্রে কেবল বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি কর্মীদের বিষয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। যেসব বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে পারছেন না—তাদের সবার ভিসার মেয়াদ বাড়ানো হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং স্বাস্থ্য, বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।