কারাগারে চেলসি ম্যানিংয়ের

যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক গোপন তথ্য ফাঁস করে কারাবন্দি চেলসি ম্যানিং আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে তার আইনজীবীরা বুধবার জানিয়েছেন। ২০১০ সালে উইকিলিকসের কাছে এসব তথ্য ফাঁস করে আলোচনায় আসেন সাবেক মার্কিন গোয়েন্দা তথ্য বিশ্লেষক চেলসি ম্যানিং।—খবর সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের

চেলসি ম্যানিংয়ের আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি কারাগারে নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে কীভাবে চেলসি আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই বিষয়ে আইনজীবীরা কিছু জানাননি। ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার শেরিফ ডানা লহর্ন নিশ্চিত করেছেন যে, আলেক্সান্দ্রিয়ার জেলে এমন একটি ঘটনা ঘটেছে। তিনি জানান, রাত ১২টা ১১ মিনিটে চেলসি আত্মহত্যার চেষ্টা চালান। তবে পেশাদার কর্মকর্তাদের কারণে তিনি সফল হননি। ফলে তিনি বেঁচে যান। উইকিলিকস বিষয়ক তদন্তে গ্র্যান্ড জুরির কাছে সাক্ষ্য দিতে অস্বীকার করায় গত বছর তাকে জেলে পাঠানো হয়।

চেলসির আইনজীবীরা জানিয়েছেন, শুক্রবার (আজ) তাকে ভার্জিনিয়ার আদালতে হাজির করার কথা। আদেশ অমান্য করার শাস্তি অব্যাহত থাকবে কি না আদালতের বিচারক সেই বিষয়ে আদেশ দিতে পারেন আজ। এর আগে চেলসি বলেছিলেন, তার যতই ক্ষতি করা হোক না কেন নিজের নীতির সঙ্গে বেইমানি করতে পারবেন না। আত্মহত্যার চেষ্টা তার সেই বক্তব্যের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।