এমপির দায়ের করা মামলার আসামি ফটোসাংবাদিক নিখোঁজ

রাজধানীর বকশীবাজারের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। গত মঙ্গলবার দুপুর থেকে তার সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় একটি সাধারণ ডায়ারি (জিডি) করা হয়েছে। দৈনিক সমকাল ও বণিকবার্তায় ফটোসাংবাদিক হিসেবে কাজ করা শফিকুল ইসলাম কাজল বর্তমানে ‘পক্ষকাল’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।

এ ব্যাপারে শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক বলেন, ‘বাবা মঙ্গলবার বেলা ৩টার পর বাসা থেকে বের হন। এরপর আর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।’ বাবার ব্যবহূত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, এ ঘটনায় তারা চকবাজার থানায় একটি সাধারণ ডায়ারি করেছেন।

এর আগে গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও মানবজমিনের স্টাফ রিপোর্টার আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। ঐ মামলার ৩ নম্বর আসামি শফিকুল ইসলাম কাজল। তবে এ মামলায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি। তিনি বলেন, ‘আমরা কাউকে গ্রেফতার বা আটক করিনি।’

চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘এ ব্যাপারে নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। জিডিটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আমরা তার খোঁজ করছি। সারা দেশে বার্তা পাঠানো হয়েছে। তার মোবাইল ফোনের কল লিস্ট যাচাইয়ের জন্য তথ্যপ্রযুক্তির সাহায্য  নেওয়া হচ্ছে।’