আধিপত্য বিস্তারে দুই পক্ষের গোলাগুলি, শিক্ষক নিহত

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার সুবর্ণখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহত হন আরও দশ জন। তাদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম আসাদুল খা (৪৫)। তিনি উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আসাদুল খা সেনগ্রাম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে  শিক্ষকতা করতেন।

এলাকাবাসীরা জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কশবামাজাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী জর্জ আলী গ্রুপের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে প্রায়ই সংঘর্ষ লেগে থাকে। বৃহস্পতিবার বিকাল থেকে সুবর্ণখোলা গ্রামে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। শুক্রবার ভোরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় দুপক্ষের গোলাগুলিতে কামরুজ্জামান গ্রুপের আসাদুল খা নিহত হন।

আরও পড়ুন: রাজশাহীতেই প্রস্তুত সেই ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ৮ জনের বিরুদ্ধে মামলা

পাংশা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও মামলা হয়নি। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। 

ইত্তেফাক/এসি