গুগলে লুকায়িত ভিডিও গেম

মাহবুব শরীফ

 

গুগল শুধুই সার্চ ইঞ্জিন নয়, এর নিজস্ব এক টেস্ট আর সেন্স অব হিউমর রয়েছে। গুগল প্রতি বছর নানান হিডেন গেম তৈরি করে থাকে আর নির্দিষ্ট দিনের জন্য যেগুলোকে গুগল হোমপেজে দেখতে পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে এখনো এই গেমগুলো উপভোগ করতে পারেন। এ গেমের পরিমাণ কিন্তু ছোট নয়। এমন গেমের তালিকা থেকে কয়েকটির বিষয়ে তুলে ধরা হলো এ লেখায়—

ব্যাস্কেট বল গেম

যারা অনেক দিন ধরে গুগল সার্চ ব্যবহার করে আসছেন তারা এমন গেমের সঙ্গে পরিচিত হলেও হতে পারেন। গুগল এমন মজার গেমটি ২০১২ সালে উন্মুক্ত করে। গেমটিতে নানান দূরত্বে আপনি ঝুড়ির দিকে বল ছুড়ে মারতে পারবেন। এ টাইপের গেম একেবারেই সহজ আর সময় কাটানোর উপযুক্ত মাধ্যম। www.google.com/doodles/ basketball-2012 ঠিকানায় গেমটি খেলা যাবে।

আপনি মাউসের বাটন যতবেশি সময় ধরে চেপে ধরে থাকবেন আপনার বল ছুড়ে মারার গতি ততবেশি বৃদ্ধি পাবে। এর মানে আপনাকে সঠিক স্পিডটি খুঁজে বের করতে হবে, আর তারপরে ব্যাস, সব বল শুধু ব্যাস্কেটের মধ্যেই প্রবেশ করবে। আর তখন নিজেকে বিশাল বড়ো এক ব্যাস্কেট প্লেয়ার মনে করে গর্ব করতে শুরু করতে পারেন। আপনি নির্দিষ্ট কিছু সময় পাবেন, এর মধ্যে যত ইচ্ছা স্কোর করতে পারবেন, আর আগেই বললাম একবার সঠিক স্পিড মেপে ফেলতে পারলেই আপনি চ্যাম্পিয়ান। কিন্তু একবার গেম চলতেই থাকলে আপনাকে দূর থেকে আরো দূরে বল ছুড়ে মারতে থাকতে হবে। একটি প্র-টিপস দিচ্ছি, আপনি কিবোর্ড থেকে স্পেস বাটন চেপেও বল নিক্ষেপ করতে পারবেন।

টি-রেক্স রানার

ইন্টারনেট কানেকশন না থাকলে মাথা খারাপ হয়ে যাওয়া অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, আর গুগল সেটা ভালো করেই যানে। তাই তো গুগল ক্রোম অফলাইন হতেই টি-রেক্স রানার গেমটি চলে আসে। এই লুকায়িত গেমটি বেশ আসক্তি-সৃষ্টিকারী এবং সুন্দর। গেমটি খেলতে আপনার গুগল ক্রোম ব্রাউজার লাগবে ও কোন ইন্টারনেট কানেকশন থাকা চলবে না, গেমটি অ্যান্ড্রয়েড বা পিসি উভয় প্ল্যাটফর্মেই খেলতে পারবেন।

গেমটি খেলার জন্য প্রথমে ওয়াইফাই, মডেম যা দিয়ে ইন্টারনেট ইউজ করেন জাস্ট বিচ্ছিন্ন করে নিন, এবার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। দেখবেন একটি ‘Unable to connect to the Internet’ স্ক্রিন এর পাশাপাশি একটি টি-রেক্স দেখতে পাওয়া যাবে। স্পেস বাটনে প্রেস করলেই টি-রেক্সটি দৌড়াতে শুরু করবে, এবার স্পেস বাটন প্রেস করতে থাকবেন আর টি-রেক্স লাফাতে থাকবে। এভাবেই টি-রেক্স লাফিয়ে লাফিয়ে ক্যাকটাস থেকে নিজেকে বাঁচাবে আর চলতেই থাকবে। গেমটি পাওয়া যাবে http://www.trex-game.skipser.com/ ঠিকানায়।

প্যাক-ম্যান গুগল সার্চ

গুগল ডুডলে এই প্যাক-ম্যান গেম প্রথম মে ২১, ২০১০-এ দেখতে পাওয়া যায়। গেমটি শুরু করার জন্য গুগল সার্চে লিখুন ‘pacman’ ব্যাস এরপরের ব্যাপারগুলো নিশ্চয় আর বলে দিতে হবে না। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে টাইমলেস বিজনেসে নেমে পড়ুন।

স্নেক গেম

বাস্তব জীবনে কোন প্রজাতির সাপ অ্যাপেল খায় এই ব্যাপারে জানা নেই, কিন্তু গুগল সার্চের স্নেক গেমে আপনি সাপকে অ্যাপেল খেতেই দেখতে পাবেন। নোকিয়া ক্লাসিক সেই স্নেক গেমের মতোই এই গেমটি ও, অজস্র সময় নিমিষের মধ্যেই হাওয়া করে দেবে। নোকিয়ার সেই স্নেক গেমের উপরেই এই গেমটি তৈরি করা হয়েছিল। আর কিভাবে খেলতে হবে সেটা শিখিয়ে কি দরকার শব্দ নষ্ট করা, এর থেকে নিজেই ট্রায় করে দেখুন। আর হ্যাঁ, গেমটি শুরু করতে গুগল সার্চে গিয়ে লিখুন, ‘Google Snake Game’ আর টপ সার্চ রেজাল্ট থেকে গেমটি খেলতে শুরু করতে পারেন।

ব্রেকআউট

Steve Wozniak এবং Steve Jobs এই ‘ব্রেইকআউট’ গেমটি ডেভেলপ করেন। গেমটির নিচের দিকে একটি দাগ থাকে যেখানে একটি বল বারবার এসে বাউন্স করে আর উপরের ইটগুলোকে ভেঙে দেয়। বলটি নিচের দাঁগ আর ইটগুলোর মধ্যে চলমান থাকে এভাবেই চলতেই থাকে যতক্ষণ ইটগুলো ভেঙে শেষ না হয়ে যায়। এই ক্ল্যাসিক গেমটি উপভোগ করার জন্য গুগল গিয়ে সার্চ করতে হবে ‘Atari Breakout’ লিখে, তারপরে ইমেজ সার্চ ট্যাবে প্রবেশ করতে হবে, ব্যাস খেল শুরু হয়ে যাবে। গুগল সার্চ পেজের ইমেজগুলো ইটে পরিণত হবে আর নিচে একটি প্যাডল চলে আসবে যেটা কিবোর্ডের অ্যারো কী ব্যবহার করে ন্যাভিগেট করা যাবে।