ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম ‘সম্পর্ক ডটকম’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘সম্পর্ক ডটকমের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী এ কে এম ফজলুল হক, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কৌহিদ ভূইয়া, ডিআইইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিয়াউল হক সুমন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনকালে ড. মো. সবুর খান বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের তরুণরা আসক্ত হয়ে পড়ছে। সেখানে উদ্ভাবনী মেধাচর্চার চেয়ে মেধার অপচয়ই বেশি হয়। কিন্তু ‘সম্পর্ক ডটকম’ সে রকম কোনো প্ল্যাটফরম হবে না বরং এই প্ল্যাটফরমের মাধ্যমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কের হাত ধরে শিক্ষক-শিক্ষার্থীরা নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের চর্চা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ড. মো. সবুর খান আরো বলেন, প্রাক্তন শিক্ষার্থীদেরকে একটি প্ল্যাটফরমে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, এর মাধ্যমে তারা নিজেদের মধ্যে ক্যারিয়ার, সাফল্য, পড়ালেখা, গবেষণা, উদ্যোক্তা হওয়ার পরামর্শ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে পারবে এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ফেসবুক, টুইটার, লিংকডইনসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সুবিধা রয়েছে তার সবগুলোই ‘সম্পর্ক ডটকমে’ যুক্ত করা হয়েছে। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের ব্যবহূত ‘ওয়ান কার্ড’, চাকরি খোঁজার জন্য ‘স্কিল ডট জবস’ ইত্যাদি সুবিধাগুলো যুক্ত করা হয়েছে। এসব সুবিধা ব্যবহার করে ড্যাফোডিলের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের সাফল্যকে আরো ত্বরান্বিত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।