পঞ্চগড়ে ৫ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার ওই শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ওই শিশু বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। তাকে একা পেয়ে ডেকে পাশের বাঁশ বাগানে নিয়ে যায় প্রতিবেশী দুলাল হোসেনের ছেলে জনী ইসলাম জনী। সেখানে সে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে বাবা মাকে বিষয়টি জানায়।
ঘটনার পর শিশুটি ভয়ে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই জনী পলাতক। স্থানীয়রা জনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
যৌন হয়রানির শিকার শিশুটির বাবা জানান, প্রতিবেশী জনী আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেছে। ভয় ও আতঙ্কে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি জনীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়্যেদ নূর-ই-আলম সিদ্দিকী জানান, ওই শিশুটি যৌন হয়রানির শিকার হওয়ার পর আমাকে খবর দিলে আমি তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহমদ জানান, আমরা ওই শিশুটির যৌন হয়রানির বিষয়টি তদন্ত করছি। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু