শাহজাদপুরে ড্রেনের পানি রাস্তায়

ভোগান্তিতে পৌরবাসী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শাহজাদপুর পৌর এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে উপচে রাস্তায় বেরিয়ে আসছে নোংরা পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লা পানি মাড়িয়ে রাস্তা পারাপার হওয়ায় নানা চর্ম রোগে ভোগছেন স্থানীয় বাসিন্দারা। এতে পয়ঃনিষ্কাসন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অন্যদিকে পৌরসভার পক্ষ থেকে পুরো মার্চ মাস পরিচ্ছন্নতা মাস হিসেবে ঘোষণা করা হলেও এর কোনো প্রভাব পড়ে নি ড্রেনেজ ব্যবস্থার ওপর। ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধান করার দাবি জানিয়েছে।

সরজমিনে শুক্রবার পৌর এলাকার বাজারে দেখা গেছে, মানিরামপুর বাজারের ফুল বাজারে ড্রেন উপচে রাস্তায় ড্রেনের পানিতে একাকার হয়ে আছে। জানা গেছে শাহজাদপুর সরকারি কলেজের খাল ভরাট করায় হঠাত্ করেই এমন বিপত্তি দেখা দিয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক রফিকুল ইসলাম রঞ্জু জানান, কিছু কিছু ড্রেনের আউটলেট বন্ধ হয়ে যাওয়ায় ড্রেন দিয়ে পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চেষ্টা করা হচ্ছে ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখার। এদিকে পৌর মেয়র (দায়িত্বপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক জানান, তার পৌরসভার রাস্তা ও ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা অর্থের জোগান আসছে। এটি পাওয়া গেলেই  শাহজাদপুর পৌরসভার সব ধরনের উন্নয়ন করা সম্ভব হবে।