চলাচলের অনুপযোগী দুর্ভোগে শিক্ষার্থীরা

বেতাগী উচ্চ বিদ্যালয় সড়ক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়ার রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। স্থানীয় সরকার অধিদপ্তরের এই সড়ক বিগত ৩০ বছরেও সংস্কার হয়নি। ফলে এই সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ সাধারণ জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী অভিযোগ করেন, ইউনিয়নের সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের জন্য প্রতি বছর বিভিন্ন খাতের সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দ হলেও রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সড়কের জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। বিগত ৩০ বছর ধরে সড়কটি সংস্কার বিহীন অবস্থায় পড়ে আছে। স্কুল এবং এলাকাবাসীর পক্ষ থেকে বার বার আবেদন করা হলেও স্কুল সড়কের কোনো সংস্কারের পদক্ষেপ নেয়নি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। বেহাল সড়কে বছরের পর বছর স্কুলের শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে। 

বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম জানান, রোটারি বেতাগী ইউনিয়ন স্কুল সড়কের উন্নয়ন কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কয়েক বার প্রকল্প দাখিলসহ প্রয়োজনীয় সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু প্রকল্পের কাজের দরপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ না করায় স্কুল সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে বলে প্রকৌশলী জানিয়েছেন।

উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ দিদারুল আলম জানান, ২০১২-২০১৩ অর্থবছরে ৭৫০ মিটার দীর্ঘ রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সড়কের আরসিসি দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রকল্পের প্রাক্কলিত দর বাজারের সঙ্গে সামঞ্জস্য না থাকায় দরপত্রে ঠিকাদারের অংশগ্রহণ হয়নি। বর্তমানে এটা সংশোধন করে বর্তমান বাজার দর অনুযায়ী পুনরায় প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বানের ব্যবস্থা করা হচ্ছে। এবার আর কোনো জটিলতা না থাকায় শিগিগরই কাজ হয়ে যাবে।