রামুতে ৫০ শয্যার আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট স্থাপন

রামু (কক্সবাজার) সংবাদদাতা

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রামুতে ৫০ শয্যার আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট স্থাপন করা হয়েছে। কক্সবাজারে বসবাসরত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থায় এ চিকিত্সা সেবা দেওয়া হবে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০টি কেবিনে ও তিনটি ওয়ার্ডে চিকিত্সা সেবা দিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সক, নার্স, চিকিত্সা সামগ্রী ও মাস্ক-পিপিই মজুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে আইসোলেশন কমিটি, জরুরি রেসপন্স টিম ও কন্ট্রোল রুম। বৃহস্পতিবার দুপুরে ৫০ শয্যার আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট পর্যবেক্ষণকালে সাংবাদিকদের এসব তথ্য জানান, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

এদিকে বুধবার বিকালে আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এ সময় কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের উপস্থিত ছিলেন।