কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
করোনা ভাইরাসের বিস্তার রোধে মৌলভীবাজারে ভারতের কৈলাশহর সীমান্তে চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি যাত্রীদের ভারতে যাতায়াত বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকাল থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকছে। তবে এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত শুধু ভারতীদের নিজ দেশে প্রবেশের সুযোগ রয়েছে। শুক্রবার সকালে চাতলাপুর অভিবাসন কেন্দ্র সূত্রে এ তথ্য জানা যায়।
চাতলাপুর অভিবাসন কেন্দ্র সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে বৃহস্পতিবার বিকাল থেকে চাতলাপুর অভিবাসন কেন্দ্রের ভারতীয় অংশের কৈলাশহর অভিবাসন কেন্দ্র বাংলাদেশি ভিসাধারী যাত্রীদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় যাত্রীরা এ সময়ের মধ্যে ভারতে ফিরতে কোনো আপত্তি থাকছে না।
চাতলাপুর অভিবাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জামাল হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে ভারতের কৈলাশহর অভিবাসন কেন্দ্র কোনো বাংলাদেশি ভিসাধারী যাত্রীদের প্রবেশ করতে দিচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। তবে শুধু ভারতীয় যাত্রীদের ভারতীয় অভিবাসন কেন্দ্র গ্রহণ করছে। এদিকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে এখনো দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।