করোনা ভাইরাস
পঞ্চগড় প্রতিনিধি
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে নিজ নিজ দেশের যাত্রীরা তাদের দেশে ফিরতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাবান্ধা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদ আলী জানান, এখন পর্যন্ত এ বন্দর দিয়ে ভিসাধারী যাত্রী পারাপার বন্ধের জন্য সরকারিভাবে কোনো নোটিশ পাইনি।
হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ
দিনাজপুরের হাকিমপুর সংবাদদাতা জানান, আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। তবে এ পথেও নিজ দেশের যাত্রীরা ফিরতে পারবেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানান।
অনির্দিষ্টকালের জন্য কসবা সীমান্ত হাট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সংবাদদাতা জনান, ভারত-বাংলাদেশ সরকারের যৌথভাবে স্থাপন করা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারত ও বাংলাদেশ সীমান্ত হাট পরিচালনা পর্ষদ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিতু মরিয়ম বিষয়টি নিশ্চিত করেছেন।