পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফুর রহমান। জানা যায়, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামের জামালউদ্দিন তার সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্নকারী মেয়ের (১৬) সঙ্গে কটিয়াদি উপজেলার পাইসকা গ্রামের কামালউদ্দিনের বাল্যবিবাহের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফুর রহমান কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবাকে এ দণ্ড দেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম লুত্ফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।