কামারখন্দে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় অভিযুক্ত গ্রেফতার

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযুক্ত নজরুল ঐ ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। পরে তার চিত্কার-চেঁচামেচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসে। ঘটনা জানার পর ঐ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।