উন্নাও গণধর্ষণকাণ্ড
উন্নাও গণধর্ষণকাণ্ডে নির্যা-তিতার বাবাকে খুনের দায়ে উত্তর প্রদেশের বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দিল্লির একটি আদালত। কুলদীপ সিংহ সেঙ্গারের ভাই অতুল সেঙ্গারকেও একই সাজা দিয়েছেন জেলা আদালতের বিচারক ধর্মেশ শর্মা। এছাড়া নির্যাতিতার পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছেন দুই ভাইকে।
নির্যাতিতার বাবাকে খুনের দায়ে কুলদীপ সেঙ্গার, তার ভাই অতুলসহ সাত জনকে গত বুধবারই দোষী সাব্যস্ত করে আদালত। অনিচ্ছাকৃত হত্যা, অপরাধমূলক এবং ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধনসহ একাধিক ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার সাজা ঘোষণার দিন ছিল। সেখানেই কুলদীপ সেঙ্গারকে ১০ বছরের কারাবাস দেয় আদালত।
এদিন সাজা শোনানোর সময় বিচারক ধর্মেশ শর্মা বলেন, ‘নির্যাতিতা বাবাকে হারিয়েছেন। বাড়ি ফেরারও উপায় নেই তার। ঐ পরিবারে আরো চারটি ছেলেমেয়ে রয়েছে, যাদের মধ্যে তিন জনই মেয়ে এবং তারা সবাই অপ্রাপ্তবয়স্ক।’ যেভাবে ষড়যন্ত্র করে গোটা ঘটনা ঘটিয়েছেন সেঙ্গার, তাতে তার প্রতি কোনো রকম নরম মনোভাব দেখানো চলে না বলেও জানিয়ে দেন বিচারক ধর্মেশ শর্মা। তিনি বলেন, ‘আইন যে লঙ্ঘিত হয়েছে, সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। জনপ্রতিনিধি হিসেবে আইনকানুন মেনে চলাই কর্তব্য ছিল সেঙ্গারের। কিন্তু যেভাবে গোটা অপরাধ সংঘটিত করেছেন তিনি, তাতে তার প্রতি নরম মনোভাব দেখানো যায় না।’ সেঙ্গারের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকায়, নির্যাতিতার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করায় এবং পুলিশি হেফাজতে তার ওপর অত্যাচার চালানোয়, অশোক সিংহ ভাদৌরিয়া ও কেপি সিংহ নামের দুই পুলিশকর্মীকেও ১০ বছরের সাজা দিয়েছে আদালত।
চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে ২০১৭ সালের জুন মাসে ঐ কিশোরীকে ধর্ষণ করেন কুলদীপ সেঙ্গার। কিন্তু পুলিশ কুলদীপের বিরুদ্ধে মামলা নিতে রাজি হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং কুলদীপের লোকজন নির্যাতিতার পরিবারকে নানাভাবে হেনস্তা করতে শুরু করে। উন্নাও আদালতে মামলার শুনানি চলাকালীন নির্যাতিতার বাবাকে মারধর করা হয়। সে নিয়ে অভিযোগ জানাতে গেলে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করে পুলিশ। এমন পরিস্থিতিতে ২০১৮ সালের ৮ এপ্রিল যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে ধরনায় বসেন নির্যাতিতা ও তার পরিবার। সেখানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এরপর ৯ এপ্রিল পুলিশি হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যু হয়।