চীনের সরকারি একজন কর্মকর্তা দাবি করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। তবে তার এমন দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি। -খবর এএফপির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বৃহস্পতিবার এমন দাবি করেন। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ধরনের দাবি উচ্চারিত হচ্ছে। সেখানে অনেকে বলছে, এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। তারাই চীনে এ ভাইরাস ছড়িয়েছে।
চীনের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার প্রধান নিজেই জানিয়েছেন যে, দেশটির মধ্যাঞ্চলীয় উহান নগরীর বন্যপ্রাণী বিক্রির একটি বাজার থেকে প্রথম এ ভাইরাস ছড়ায়। তবে সাম্প্রতিক দিনগুলোতে চীনের সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছে, এই ভাইরাসের উত্পত্তি অন্য কোথাও হতে পারে। উহানে করোনা ভাইরাস ছড়ানোর জন্য বেইজিং জোরালোভাবে মার্কিন কর্মকর্তাদের দায়ী করছে। এদিকে চীন এ ভাইরাসের সঙ্গে যুক্তরাষ্ট্রকে জড়ানোয় মার্কিন কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ভাইরাসকে ‘উহান ভাইরাস’ নামে অভিহিত করেছেন। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত এবং প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।