করোনা ভাইরাসের আতঙ্কে দুই সপ্তাহের জন্য খেলাগুলো স্থগিত রাখায় লা লিগা ও এর নিচের বিভাগ মিলিয়ে বিপুল আর্থিক ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে। লা লিগায় ইতোমধ্যে ২৭ রাউন্ড খেলা হয়েছে। দ্বিতীয় বিভাগে হয় ৩১ রাউন্ড। এখন এই স্থগিত অবস্থা যদি দীর্ঘমেয়াদি এবং শেষ না হয় তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৭০ কোটি ইউরো। স্পেনের মার্কাডটকম এ তথ্য জানায়। লা লিগা কর্তৃপক্ষ হিসেব করে দেখেছে টিভি সম্প্রচার বাবদ ৪৯.৪০ কোটি, মৌসুমি টিকিট বিক্রি থেকে ৭ কোটি ৮১ লাখ এবং খেলার দিনের টিকিট বাবদ ৩ কোটি ৮৮ লাখ ইউরো গচ্চা যাবে। সব মিলিয়ে এ অর্থের পরিমাণ হবে ৬১ কোটি ৯ লাখ ইউরো। অপরদিকে দ্বিতীয় বিভাগের জন্য আর্থিক ক্ষতি দাঁড়াবে পৌনে ৭ কোটি ইউরো।